স্টাফ রিপোর্টার: রাজবাড়ী, মানিকগঞ্জ ও পাবনা জেলাকে সংযুক্ত করে ওয়াই (Y) আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় জানানো হয়, দ্বিতীয় পদ্মা সেতু ও দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের লক্ষ্যে বর্তমানে সম্ভাব্যতা সমীক্ষার কাজ চলমান রয়েছে। আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে এ সমীক্ষা শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সমীক্ষার প্রতিবেদন পাওয়ার পর সেতু দুটির চূড়ান্ত অবস্থান, নকশা ও আনুমানিক নির্মাণ ব্যয় নির্ধারণ করা হবে।
বৈঠকে দ্বিতীয় পদ্মা সেতুর যোগাযোগব্যবস্থা আরও সহজ ও কার্যকর করতে ওয়াই আকৃতির সংযোগ সড়ক নির্মাণের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে রাজবাড়ী, মানিকগঞ্জ ও পাবনা জেলার মধ্যে সড়ক যোগাযোগের নতুন সম্ভাবনা তৈরি হবে।
এ ছাড়া দেশের পানি ব্যবস্থাপনা ও নদী সুরক্ষায় পদ্মা ব্যারেজ নির্মাণ প্রকল্প নিয়েও আলোচনা হয়। বিশেষ করে শুষ্ক মৌসুমে পানির সংকট নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি, নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ব্যারেজের ওপর দিয়ে নতুন সড়ক যোগাযোগ স্থাপনের সম্ভাবনা পর্যালোচনা করা হয়।
সভায় তিনটি গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করা, জমি অধিগ্রহণ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে যোগাযোগ ও সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তরাঞ্চলের মধ্যে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কৃষি ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্প্রসারণ এবং পানি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।