স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর কালুখালীতে অনুমোদনহীনভাবে পশুখাদ্য বিক্রি এবং যথাযথভাবে মজুদ ও সংরক্ষণ না করার দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার রতনদিয়া বাজারে অভিযান চালিয়ে মেসার্স সুরাইয়া ট্রেডার্স ও মেসার্স রাজধানী ট্রেডার্সকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লাইসেন্স বা অনুমোদন ছাড়া পশুখাদ্য বিক্রি এবং যথাযথভাবে মজুদ ও সংরক্ষণ না করার অপরাধে মৎস্য ও পশুখাদ্য আইন, ২০১০ অনুযায়ী প্রতিষ্ঠান দুটিকে এ জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস সাদাত মাহমুদ উল্লাহ। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম রতন। এ ছাড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মো. মুনতাসির মাহমুদ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, নিরাপদ পশুখাদ্য নিশ্চিত করা এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।