স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর পাংশায় ইয়াবা সেবনের অভিযোগে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে দুজনকে পাঁচ দিন, দুজনকে তিন মাস এবং অপর একজনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে পাংশা থানা এলাকায় এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন পাংশা উপজেলার মৈশালা গ্রামের অজিত বিশ্বাসের ছেলে সাহস বিশ্বাস (২৩), উদয়পুর গ্রামের বাবুল হোসেনের ছেলে জিয়ান (২১), কুলটিয়া গ্রামের সাচ্চু সরদারের ছেলে মো. টিটু সরদার (২১), মৈশালা গ্রামের আলম মণ্ডলের ছেলে রানা ওরফে জামাল (২১) এবং বালিয়াকান্দি উপজেলার চর কৃষ্ণপুর গ্রামের মো. রবিউলের ছেলে মো. শরিফ (২৭)।
পাংশা মডেল থানা-পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালতের দণ্ড অনুযায়ী, সাহস বিশ্বাস ও জিয়ানকে পাঁচ দিন করে কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। মো. টিটু সরদার ও রানা ওরফে জামালকে তিন মাস করে কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অপরদিকে, মো. শরিফকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মো. শরিফের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় অস্ত্র আইনে একটি ও চুরির দুটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাসহ একাধিক মামলা রয়েছে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্ত পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে।