স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দে চর এলাকার কৃষকদের দক্ষতা উন্নয়ন ও আধুনিক কৃষিপ্রযুক্তির সম্প্রসারণের লক্ষ্যে কৃষক-কৃষাণিদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) গোয়ালন্দ উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষিপ্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোয়ালন্দ, রাজবাড়ী এ প্রশিক্ষণের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইংয়ের পরিচালক মো. রওশন আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. খয়ের উদ্দিন মোল্লা।
এ সময় আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার, রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং গোয়ালন্দের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ তাওহিদুর রহমান।
প্রশিক্ষণের মূল বিষয় ছিল ‘চর এলাকার কৃষকদের দক্ষতা উন্নয়ন’। এতে চরাঞ্চলের কৃষকদের আধুনিক কৃষিপ্রযুক্তি সম্পর্কে ধারণা দেওয়া এবং কৃষিকাজে তাঁদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। চরাঞ্চলের মাটি ও পরিবেশের উপযোগী কৃষিপ্রযুক্তি ব্যবহার, উন্নত জাতের ফসল চাষ এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে জ্ঞান অর্জনের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
প্রশিক্ষণ শেষে হাবিল মণ্ডলপাড়া ব্লকে স্থাপিত মরিচের প্রদর্শনী প্লট পরিদর্শনপূর্বক কৃষকদের বিষমুক্ত ফসল উৎপাদনে উৎসাহিত করা হয় এবং নিরাপদ কৃষিপণ্য উৎপাদনের আহ্বান জানানো হয়।