স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দে মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে হেরোইনসহ ছয়জনকে আটক করা হয়েছে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গোয়ালন্দ ঘাট থানাধীন উত্তর দৌলতদিয়ার পোড়াভিটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন গোয়ালন্দের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে দেহ তল্লাশি করে হেরোইনসহ ছয়জনকে আটক করা হয়।
আটকৃতরা ব্যক্তিরা হলেন,রাজবাড়ী সদর উপজেলার মাধব লক্ষীকোল গ্রামের মৃত আকবার মোল্লার ছেলে মো. আজিবার মোল্লা (৩৫), বিনোদপুর গ্রামের মৃত মহিরুদ্দিন শেখের ছেলে মো. রতন (৩৮), লক্ষীকোল গ্রামের নুরালী শেখের ছেলে মো. বাহাদুর শেখ (৪০) এবং ছোট নুরপুর গ্রামের আলতাফ প্রামাণিকের ছেলে হৃদয় প্রামাণিক (২২)।
এ ছাড়া মানিকগঞ্জ সদর উপজেলার আঙ্গুটিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মো. ওয়াসিম মিয়া (৩৫) এবং ঘিওর উপজেলার বাইলজুরি গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে মো. আব্দুল মজিদ (৪২) রয়েছেন।
পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেন। ছয়জনের জরিমানার মোট পরিমাণ ৬০০ টাকা।