স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী বাজারে প্রয়োজনীয় অনুমোদন ও বৈধ লাইসেন্স ছাড়া পরিচালিত ‘ডাঃ মনিকা মেডিকেল কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন।
অভিযান সূত্রে জানা যায়, মৃগী বাজারে অবস্থিত ডাঃ মনিকা মেডিকেল কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারটি প্রয়োজনীয় বৈধ অনুমোদন ও লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়। এ সময় অনুমোদন ও লাইসেন্সসংক্রান্ত অনিয়মের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ জানান, জনস্বার্থ রক্ষা এবং নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
স্বাস্থ্যসেবার নামে কোনো প্রতিষ্ঠান যাতে প্রয়োজনীয় অনুমোদন ছাড়া কার্যক্রম পরিচালনা করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের নজরদারি থাকবে।