স্টাফ রিপোর্টার: রাজবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ ধরার অপরাধে ৯ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত রাজবাড়ী সদর উপজেলার জৌকুড়া ফেরিঘাটসহ পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ওই জেলেদের আটক করা হয়। পরে জৌকুড়া ফেরিঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
রাজবাড়ী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে ৯ জেলেকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
অভিযান শেষে জব্দ করা কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধার করা ইলিশ মাছ কয়েকটি এতিমখানায় বিতরণের জন্য পাঠানো হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী জানান, ইলিশের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে এবং নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।