স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ ও জাটকা নিধন রোধে যৌথ অভিযান চালিয়ে জাটকা ইলিশসহ লিটন ও আবু বকর নামে দুইজনকে আটক করা হয়েছে।
এ সময় তাঁদের প্রত্যেককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে ৫ কেজি জাটকা ইলিশ, ৫০টি চায়না দুয়ারি জাল ও ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) গোয়ালন্দ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও নৌপুলিশের সদস্যরা অংশ নেন।
অভিযানকালে জাটকা ইলিশসহ আটক দুইজনের বিরুদ্ধে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ ধারা অনুযায়ী ব্যবস্থা নিয়ে প্রত্যেককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া জব্দ করা অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল বিধি মোতাবেক বিনষ্ট করা হয়।
গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খান জানান, মা ইলিশ সংরক্ষণ, জাটকা নিধন রোধ এবং দেশের মৎস্যসম্পদ রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।