স্টাফ রিপোর্টার: রাজবাড়ীতে নিখোঁজের চার দিন পর চৌধুরী ফুয়াদ হাসান রোহান (২১) নামে এক কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের একটি মেহগনি বাগানের ডোবা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রোহান রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি দাদশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. রোকনউদ্দিন চৌধুরীর নাতি এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের মামাতো ভাই।
পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার (৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে বাসা থেকে বের হওয়ার পর রোহান নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
পরে বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ রঘুনাথপুর গ্রামের একটি মেহগনি বাগানের ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় রোহানের মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মরদেহের পেট কাটা অবস্থায় পাওয়া গেছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মেহগনি বাগানের ডোবা থেকে রোহানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্তের মাধ্যমে দ্রুত উদঘাটনের চেষ্টা চলছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।