স্টাফ রিপোর্টার: দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ও গোপালগঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
রাজবাড়ী জেলা বিএনপি, সদর উপজেলা ও পৌর বিএনপি এবং গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপিসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. আসলাম মিয়া।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মণ্ডল, সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা মজিসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে অ্যাডভোকেট মো. আসলাম মিয়া বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা এভাবে কোনো কর্মসূচি পালন করতে পারিনি।
আওয়ামী লীগ আমাদের কর্মসূচি পালন করতে দেয়নি। নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে অতীতেও যেভাবে রাজপথে ছিলাম, এখনো সেভাবেই রাজপথে থাকব।
তিনি আরও বলেন, বিএনপি শান্তিপ্রিয় দল। দলটি হিংসার রাজনীতি করে না এবং ভবিষ্যতেও করবে না। তবে কেউ অশান্তি সৃষ্টি করতে চাইলে বিএনপি তার প্রতিবাদ করবে।
গোপালগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, রাজবাড়ী জেলা সবসময় বিএনপির ঘাঁটি। এ জেলাকে কোনোভাবেই অস্থিতিশীল হতে দেওয়া হবে না। কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। রাজবাড়ীতে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।
সমাবেশ থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নেতাকর্মীদের রাজপথে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।