স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর দৌলতদিয়া পুড়াভিটা এলাকায় গোয়ালন্দ উপজেলা প্রশাসনের মাদকবিরোধী বিশেষ অভিযানে চার মাদকসেবীকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যার দিকে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমানের সহযোগীতায় গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন,উত্তর দৌলতদিয়া এলাকার মো. মজিদ শেখের ছেলে গিয়াস শেখ (৪০), একই এলাকার মৃত মুরাদ আলীর ছেলে শুকুর আলী (৩২), মানিকগঞ্জ জেলার বানিয়াজুড়ি ইউনিয়নের মৃত মজিবরের ছেলে মিজানুর (৩৬) এবং একই এলাকার মৃত কিতাব মিয়ার ছেলে মো. রাজু মিয়া (৩৯)।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান যৌথভাবে জানান, পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
একই সঙ্গে উপজেলা প্রশাসন মাদকমুক্ত সমাজ গড়তে কঠোর অবস্থানে রয়েছে। গোয়ালন্দ উপজেলাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরে দণ্ডপ্রাপ্ত আসামিদের রাজবাড়ী জেলা কারাগারে পাঠানো হয়।