স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক ও দুইজন সহকারী শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আব্দুল কাদের ও নাসরিন নাহার।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু।
উপজেলার ৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষকরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকদের দীর্ঘ কর্মজীবনের অবদান ও প্রাথমিক শিক্ষার প্রসারে তাঁদের ভূমিকার কথা স্মরণ করা হয়। এ সময় তাঁদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
বক্তারা বিদায়ী শিক্ষকদের কর্মময় জীবনের ভূয়সী প্রশংসা করেন এবং অবসর-পরবর্তী জীবনে তাঁদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখ-শান্তি কামনা করেন।