স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর পাংশায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ এবং জুয়া খেলার সময় পাঁচজনকে আটক করেছে পাংশা মডেল থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক প্রত্যেককে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার হাবাসপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন,পাংশা উপজেলার চর আফড়া গ্রামের ইউনুচ প্রামাণিকের ছেলে এনামুল, ওমর আলী শেখের ছেলে ওয়াজ শেখ, আক্কাস প্রামাণিকের ছেলে মো. সামসুল প্রামাণিক, চরঝিকড়ী গ্রামের নায়েব আলী সরদারের ছেলে হামিদ সরদার এবং মহিষালা গ্রামের মৃত আনন্দ কুমার সরকারের ছেলে প্রান্তষ সরকার।
পুলিশ সূত্রে জানা যায়, রাতে হাবাসপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ এবং জুয়া খেলার সময় তাদের আটক করা হয়। পরে পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক পাঁচজনকে সাত দিন করে কারাদণ্ড প্রদান করেন।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান। দণ্ডপ্রাপ্তদের পরে কারাগারে পাঠানো হয়েছে।