স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দে বৈধ ডিলারশিপ ছাড়া সার বিক্রির দায়ে আশিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ নভেম্বর) উপজেলার নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় কৃষিপণ্য বিক্রিতে অনিয়ম প্রতিরোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দারের উপস্থিতিতে অভিযানে নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খান। এ সময় বৈধ ডিলারশিপ ছাড়া সার বিক্রির বিষয়টি শনাক্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
পরে সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬-এর ১২(১) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১২(৩) ধারা অনুযায়ী আশিকুল ইসলামকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে তাঁকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খান জানান, কৃষিপণ্য বিক্রিতে অনিয়ম ও অবৈধভাবে সার বিক্রি প্রতিরোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।