স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান চালিয়ে হেরোইনসহ তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে গোয়ালন্দ ঘাট থানাধীন উত্তর দৌলতদিয়ার পোড়াভিটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন,রাজবাড়ী সদর উপজেলার ধাওয়াপাড়া এলাকার মৃত দলুরুদ্দিন সরদারের ছেলে জামাল সরদার (৪৮), গোয়ালন্দ ঘাট থানার শামসু মাস্টারপাড়া এলাকার মৃত মজিদ শেখের ছেলে হাতেম শেখ (৫৭) এবং রাজবাড়ী সদর উপজেলার বড় লক্ষ্মীপুর এলাকার মৃত রহমান বিশ্বাসের ছেলে মো. শহীদ বিশ্বাস (৫৫)।
গোয়ালন্দের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর সদস্যদের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে হেরোইন উদ্ধার করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে মোট ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
দণ্ডপ্রাপ্ত তিনজনকে পরবর্তী সময়ে রাজবাড়ী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে গোয়ালন্দের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান জানান, মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।