স্টাফ রিপোর্টার: রাজবাড়ীতে মহাসড়কে ট্রাক দিয়ে পথরোধ করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে গরুবাহী একটি ট্রাকের নিয়ন্ত্রণ নেয় ডাকাত দল।
পরে ওই ট্রাক থেকে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১১টি গরু, ব্যবসায়ীদের মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নিয়ে যায় তারা। এ সময় ডাকাতদের বাধা দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন দুই গরু ব্যবসায়ী।
সোমবার (১৬ নভেম্বর) ভোররাত ৪টার দিকে রাজবাড়ী জেলা শহরের শ্রীপুর বাস টার্মিনাল এলাকায় ঢাকা-কুষ্টিয়া মহাসড়কে এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ীরা হলেন বরগুনার আমতলী উপজেলার গাজীপুর এলাকার বাসিন্দা হেলাল গাজী ও ইলিয়াস মৃধা। ঘটনার সময় তাঁদের সঙ্গে আরও দুজন সহকর্মী ছিলেন।
ভুক্তভোগীদের বরাতে জানা যায়, সোমবার ভোররাতে পাংশা থেকে খাবার খেয়ে গরুবাহী ট্রাক নিয়ে রাজবাড়ী শহরের দিকে যাচ্ছিলেন তাঁরা। পথে ভোররাত পৌনে ৪টার দিকে পেছন থেকে আসা একটি ট্রাক তাঁদের ট্রাকের সামনে আড়াআড়ি দাঁড় করিয়ে পথরোধ করে। এরপর ওই ট্রাক থেকে ১০ থেকে ১২ জন অজ্ঞাত ব্যক্তি নেমে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে গরুবাহী ট্রাকটির নিয়ন্ত্রণ নেয়।
পরে ডাকাত দলের সদস্যরা ট্রাকটি চালিয়ে শ্রীপুর বাস টার্মিনাল এলাকায় নিয়ে যায়। সেখানে নিজেদের ট্রাকে একে একে ১১টি গরু তুলে নেয়। এ সময় ব্যবসায়ীদের কাছে থাকা মোবাইল ফোন ও নগদ টাকাও ছিনিয়ে নেয় তারা। লুটপাটে বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে দুই ব্যবসায়ী আহত হন।
গরু ও অন্যান্য মালামাল লুটের পর ব্যবসায়ীদের ট্রাকটি ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।
এ ঘটনায় সোমবার সকালে ভুক্তভোগী ব্যবসায়ীরা বাদী হয়ে অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করে রাজবাড়ী সদর থানায় ডাকাতির মামলা দায়ের করেছেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। লুট হওয়া ট্রাক ও গরু উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।