স্টাফ রিপোর্টার: ঘন কুয়াশার কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টার দিকে পদ্মা নদী ও এর অববাহিকায় কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল শুরু করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
এর আগে, বুধবার সকাল ৬টার দিকে পদ্মা নদীর অববাহিকায় ঘন কুয়াশার কারণে নৌপথের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে পড়ে। এতে নৌদুর্ঘটনা এড়াতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে কর্তৃপক্ষ।
এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাট প্রান্তে নদী পারাপারের অপেক্ষায় বেশ কিছু যানবাহন সড়কে সিরিয়ালে আটকা পড়ে। এতে শীতের হিমেল বাতাসের মধ্যে ভোগান্তিতে পড়েন যানবাহনের চালক ও যাত্রীরা।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক বশির আহম্মেদ খান জানান, কুয়াশার ঘনত্ব কমে আসায় সকাল ৮টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে এ নৌরুটে ছোট-বড় ১০টি ফেরির মাধ্যমে যানবাহন পারাপার করা হচ্ছে।