স্টাফ রিপোর্টার: প্রায় পাঁচ লাখ মানুষের বসবাসের জেলা রাজবাড়ীতে সরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) না থাকায় উন্নত চিকিৎসাসেবা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মাহিন শিকদার। জেলার স্বাস্থ্যসেবার এই সীমাবদ্ধতা তুলে ধরে রাজবাড়ীতে দ্রুত আইসিইউ স্থাপনের দাবি জানিয়েছেন তিনি।
সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মাহিন শিকদার রাজবাড়ী জেলার স্বাস্থ্যসেবার মান ও জরুরি চিকিৎসা ব্যবস্থার সীমাবদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেন।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, রাজবাড়ীর মতো একটি গুরুত্বপূর্ণ জেলায় এখনো হাসপাতালগুলোতে আইসিইউ সুবিধা না থাকা অত্যন্ত হতাশাজনক। জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) কিংবা সরকারি সফরে আসা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেও তাঁদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার ক্ষেত্রে সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, বর্তমানে জেলায় একজন প্রতিমন্ত্রী, একজন সংসদ সদস্য (এমপি) ও একজন উপদেষ্টা রয়েছেন। তাঁদের কেউ সরকারি সফরে এসে অসুস্থ হয়ে পড়লেও প্রয়োজনীয় জরুরি চিকিৎসাসেবা পাওয়া নিয়ে প্রশ্ন থেকে যায়।
পোস্টে মাহিন শিকদার আক্ষেপ করে লেখেন, রাজবাড়ীর মানুষের চিকিৎসার প্রয়োজনে প্রায়ই ফরিদপুরে ছুটতে হয়। বিশেষ করে গুরুতর রোগী কিংবা জরুরি চিকিৎসার ক্ষেত্রে জেলার বাইরে যাওয়ার এই নির্ভরশীলতা থেকে মুক্তি চান তিনি।
নিজেকে জনগণের দালাল হিসেবে উল্লেখ করে মাহিন শিকদার জনস্বার্থে রাজবাড়ীতে আইসিইউ স্থাপন এবং উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তাঁর এই ফেসবুক পোস্টের মাধ্যমে রাজবাড়ীবাসীর দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ দাবি আবারও সামনে এসেছে। স্থানীয়দের প্রত্যাশা, জেলার মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় দ্রুত আধুনিক চিকিৎসা অবকাঠামো গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।