স্টাফ রিপোর্টার: রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ নভেম্বর) জেলা পুলিশের আয়োজনে দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকালে রাজবাড়ী পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেডের আয়োজন করা হয়। এতে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার মীর মনির হোসেন।
এ সময় মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের প্যারেড দক্ষতা ও পোশাক-পরিচ্ছদের মান (টার্ন আউট) মূল্যায়ন করে কৃতিত্বপূর্ণ পারফরম্যান্সের জন্য বিভিন্ন সদস্যকে পুরস্কৃত করেন তিনি।
পরে পুলিশ লাইন্সের ড্রিলশেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সদস্যরা তাঁদের ব্যক্তিগত ও সামগ্রিক বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া তুলে ধরেন। উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় পুলিশ সদস্যদের আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের সঙ্গে ভালো আচরণের মাধ্যমে পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান পুলিশ সুপার।
পাশাপাশি বিভিন্ন মানদণ্ড ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, পুলিশ সদস্য ও গ্রামপুলিশের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
দিনের পরবর্তী সময়ে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সামাজিক অপরাধ নির্মূল, নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন পুলিশ সুপার।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।