স্টাফ রিপোর্টারঃ মা ইলিশ সংরক্ষণ ও নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে রাজবাড়ীর গোয়ালন্দে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর ও নৌপুলিশ। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাছ ধরার জাল জব্দ করে বিধি মোতাবেক ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) গোয়ালন্দ উপজেলার বিভিন্ন নদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট, দৌলতদিয়া নৌপুলিশের ওসি ত্রিনাথ সাহাসহ নৌপুলিশের সদস্যরা অংশ নেন।
অভিযানকালে আনুমানিক ৯০টি অবৈধ চায়না দুয়ারী জাল এবং ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা এসব নিষিদ্ধ জাল ঘটনাস্থলেই বিধি মোতাবেক বিনষ্ট করা হয়।
সংশ্লিষ্টরা জানান, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে নদীতে অবৈধভাবে মাছ শিকার, নিষিদ্ধ জাল ব্যবহারসহ সরকারি নিষেধাজ্ঞা অমান্যের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। নদীতে অবৈধ জালের ব্যবহার বন্ধ এবং মা ইলিশ সংরক্ষণে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট জানান, মা ইলিশ সংরক্ষণে নদীতে অবৈধভাবে মাছ শিকার ও নিষিদ্ধ জাল ব্যবহারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান জানান, জনস্বার্থে মা ইলিশ সংরক্ষণ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।