স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দে আনোয়ারা হামিদ চক্ষু হাসপাতালের তত্ত্বাবধানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও দরিদ্রসহ বিভিন্ন বয়সী মানুষ বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা গ্রহণ করেন।
বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজ মাঠে এ চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। গোয়ালন্দ হ্যাচারিজ লিমিটেড ও গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের আয়োজনে এবং ফরিদপুর আনোয়ারা হামিদ চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা ও চক্ষু বিশেষজ্ঞ ডা. মহসিন বেগের তত্ত্বাবধানে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল হুদা।
রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ মো. আব্দুল কাদের শেখের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ আহমেদ, সাবেক সদস্য সচিব মো. নাজিরুল ইসলাম তিতাস, গোয়ালন্দ হ্যাচারিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু সায়েম খান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মো. সাইফুল হুদা বলেন, দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের ভালো কাজকে সবসময় উৎসাহিত করা উচিত। এতে অন্যরাও মানুষের কল্যাণে এগিয়ে আসতে উৎসাহিত হবেন।
আয়োজকরা জানান, ক্যাম্পে রোগীদের চোখের প্রাথমিক পরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। যেসব রোগীর বিশেষায়িত চিকিৎসা বা অস্ত্রোপচারের প্রয়োজন হবে, তাদের ফরিদপুর আনোয়ারা হামিদ চক্ষু হাসপাতালে নিয়ে বিনামূল্যে প্রয়োজনীয় অস্ত্রোপচার করা হবে। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধপত্রও বিনামূল্যে দেওয়া হবে।
আয়োজকদের প্রত্যাশা, দিনব্যাপী এ ক্যাম্পে প্রায় ১ হাজার ৫০০ রোগীকে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হবে। আমরা প্রায় প্রতি মাসেই এরকম বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প করে থাকি ।প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকার মানুষের কাছে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ায় স্থানীয়দের মধ্যে এ উদ্যোগ ব্যাপক প্রশংসা পেয়েছে।