স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) গোয়ালন্দ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল হুদা।
প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহের প্রক্রিয়া, কার্যক্রম পরিচালনার পদ্ধতি এবং কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনার বিষয়ে মতবিনিময় করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খান, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু এবং সাবেক সদস্যসচিব নাজিরুল ইসলাম তিতাস।
এ ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সচিব, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠু, নির্ভুল ও কার্যকরভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি কর্মসূচি বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।