স্টাফ রিপোর্টার, শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়,এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় ও আন্তর্জাতিক কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (১২ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষাক দেবজিৎ কুমার দাশ, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক মোশাররফ আহমেদ এবং সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু,সাবেক সচিব নাজিরুল ইসলাম তিতাসসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা কন্যাশিশুর অধিকার সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষার সুযোগ নিশ্চিতকরণ এবং নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশে বেড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন। কন্যাশিশুর প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং তাদের মেধা ও প্রতিভা বিকাশে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা কন্যাশিশুর শিক্ষা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। তিনি বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বাড়ানো এবং কন্যাশিশুদের আত্মবিশ্বাসী ও স্বাবলম্বী করে গড়ে তোলার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণকারী ও প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।