স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর পাংশা উপজেলায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মো. আজিজ মন্ডল (৫৫) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার সুবর্ণখোলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রাসেল আলী।
দণ্ডপ্রাপ্ত মো. আজিজ মন্ডল ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার ছাইভাঙ্গা গ্রামের মৃত হাসেন আলী মন্ডলের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ আহম্মেদের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে আজিজ মন্ডলের দেহ তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তাঁকে হাতেনাতে আটক করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিস্তার রোধে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।