স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পোড়াভিটা এলাকা দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এ লক্ষ্যে রাজবাড়ী পৌরসভার মালিকানাধীন জমি চিহ্নিত করতে পরিমাপ কার্যক্রম শুরু করা হয়েছে। এলাকাটি দীর্ঘদিন ধরে মাদকের আখড়া হিসেবে পরিচিত।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা প্রশাসন, রাজবাড়ী পৌরসভার কর্মকর্তা ও গোয়ালন্দ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সরেজমিনে পোড়াভিটা এলাকায় উপস্থিত হয়ে জমি পরিমাপ কার্যক্রম শুরু করেন।
এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল হুদা, সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান, রাজবাড়ী পৌরসভার কর্মকর্তা, গোয়ালন্দ ঘাট থানা-পুলিশের সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাধারণ সম্পাদক মো. মোশাররফ আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্যসচিব নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. সানোয়ার আহম্মেদ এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আবু সাঈদ মণ্ডলসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল হুদা বলেন, দৌলতদিয়ার পোড়াভিটা এলাকার জমির মালিকানা রাজবাড়ী পৌরসভার। তবে আগে এখানে রেলওয়েরও কিছু জমি ছিল। রাজবাড়ী পৌরসভার পক্ষ থেকে এ বিষয়ে উপজেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে।
তিনি বলেন, পৌরসভার খতিয়ানভুক্ত ২ একর ৯ শতাংশ জমি চিহ্নিত করে অবৈধ দখলদারদের উচ্ছেদের লক্ষ্যে পরিমাপ কার্যক্রম শুরু হয়েছে।
জমির সীমানা নির্ধারণের এ কার্যক্রমে রাজবাড়ী পৌরসভা ও গোয়ালন্দের সংশ্লিষ্ট সার্ভেয়ার, সহকারী কমিশনার (ভূমি) এবং বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।