স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর কালুখালীতে কৃষক নজরুল ইসলাম খান হত্যা মামলার প্রধান আসামি তুহিন শেখকে (২৪) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) পাবনা জেলার সুজানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন শনিবার (২৪ অক্টোবর) আদালতে হাজির করা হলে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
মামলার বিবরণে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর সকালে কালুখালী উপজেলার বোয়ালিয়া গ্রামে নিজ বাড়ির সামনে হামলার শিকার হন কৃষক নজরুল ইসলাম খান। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছোট মেয়ে রুনা খাতুন বাদী হয়ে কালুখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
নিহতের পরিবারের অভিযোগ, রুনা খাতুনের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে নজরুল ইসলাম খানের ওপর হামলার ঘটনা ঘটে বলে দাবি করেন তারা।
এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তুহিন শেখ ও গোলাপী বেগমকে আসামি করা হয়। এর আগে মামলার অপর আসামি গোলাপী বেগমকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে ডিবি পুলিশের অভিযানে তুহিন শেখকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাকে রাজবাড়ীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এ হাজির করা হলে শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।