স্টাফ রিপোর্টার: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার বংশবিস্তার রোধে রাজবাড়ী সদর, কালুখালী ও পাংশা উপজেলার বিভিন্ন স্থানে সচেতনতামূলক মাইকিং ও স্টিকার বিতরণ করেছে জেলা তথ্য অফিস, রাজবাড়ী।
বুধবার ও বৃহস্পতিবার (২৮ ও ২৯ অক্টোবর) এ কর্মসূচির আওতায় বিভিন্ন এলাকায় মাইকিংয়ের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বানসংবলিত স্টিকার বিতরণ করা হয়।
প্রচারণায় বাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণ, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্ব দেওয়া হয়। ডেঙ্গুর বিস্তার রোধে প্রত্যেককে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।
এ ছাড়া জ্বর হলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া, পর্যাপ্ত তরল পান করা এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন না করার বিষয়ে সচেতন করা হয়। ডেঙ্গু সন্দেহ হলে দ্রুত পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
বিশেষ করে জ্বরের সঙ্গে তীব্র পেটব্যথা, বারবার বমি, রক্তপাত, অতিরিক্ত দুর্বলতা কিংবা শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত হাসপাতালে যাওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
জেলা তথ্য অফিসের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে এডিস মশার বংশবিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
এ বিষয়ে জেলা তথ্য অফিসের মিজ রেখা জানান, ডেঙ্গুর ঝুঁকি সম্পর্কে জনসাধারণকে সচেতন করা এবং ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়ে তুলতে সবাইকে উদ্বুদ্ধ করাই এ প্রচার কার্যক্রমের মূল লক্ষ্য। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে মানুষকে ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনে উৎসাহিত করা হচ্ছে।