স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর, লোকোশেড ও নূরপুর এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান চালিয়ে গাঁজাসহ মো. সুজাত শেখ (৩২) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত রাজবাড়ী সদর থানাধীন এসব এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
আটক মো. সুজাত শেখ রাজবাড়ী সদর উপজেলার ঘোরপালান গ্রামের মৃত আব্দুল কুদ্দুস শেখের ছেলে।
রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আরিফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে মাদকদ্রব্যনিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর সদস্যরা অংশ নেন।
অভিযান চলাকালে সুজাত শেখের দেহ তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।