স্টাফ রিপোর্টার: দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে যুব র্যালি, যুব সমাবেশ, আলোচনা সভা, ঋণ ও চেক বিতরণ এবং যুব মেলা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে যুবকদের অংশগ্রহণে র্যালি ও সমাবেশের পাশাপাশি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় যুবকদের মাঝে ঋণ ও চেক বিতরণ, সফল আত্মকর্মী ও সফল যুব সংগঠনকে পুরস্কৃত করা হয়। এছাড়া যুবকদের উৎপাদিত বিভিন্ন পণ্যের প্রদর্শনী ও মেলার আয়োজন করা হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাফিজুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ, সাবেক সভাপতি সুলতান নূর ইসলাম মুন্নু, সাধারণ সম্পাদক মোশাররফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু এবং সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
অনুষ্ঠানে যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের উন্নয়নে যুবকদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।