স্টাফ রিপোর্টার: দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার ১ নভেম্বর দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য যুব র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজবাড়ী ইউনিটের যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজবাড়ী ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া এবং ইউনিট লেভেল অফিসার (ইউএলও) মো. রফিকুল ইসলাম।
এ ছাড়া রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, যুব সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের মেধা, দক্ষতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগাতে পারলে একটি সমৃদ্ধ, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তাই যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে কাজ করার সুযোগ সৃষ্টি করতে হবে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজবাড়ী ইউনিটের পক্ষ থেকে জানানো হয়, মানবিক ও সেবামূলক কর্মকাণ্ডে যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সবসময় প্রস্তুত রয়েছেন। মানবতার সেবা, দুর্যোগ মোকাবিলা এবং মানুষের কল্যাণে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে ভবিষ্যতেও তাঁদের কার্যক্রম অব্যাহত থাকবে।
জাতীয় যুব দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে যুবসমাজকে দেশ গঠন, মানবিক মূল্যবোধ চর্চা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।