স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর পাংশায় দুই তরুণকে অপহরণ করে ভারতে পাচারের মামলায় মোঃ রেজাউল মন্ডল (১৮) ও মোঃ শাহীদুল মিয়া (২৭) নামে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে প্রত্যেককে ৫ লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া প্রত্যেককে পৃথকভাবে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২ নভেম্বর) দুপুরে রাজবাড়ী মানব পাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. তহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। তাঁরা পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১০ মে রাতে পাংশা উপজেলার ধুলিয়াট গ্রামের দুই তরুণ ফারুক ওরফে মারুফ (১৬) ও তাঁর খালাতো ভাই আজিজুল ইসলামকে (১২) বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে অপহরণ করা হয়।
পরে তাঁদের ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। কয়েক দিন পর কৌশলে পালিয়ে দেশে ফিরে আসেন আজিজুল ইসলাম। তবে ফারুক ওরফে মারুফের আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালতে উপস্থাপিত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁদের এ দণ্ড দেওয়া হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহিদ উদ্দিন মোল্লা।