স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর বালিয়াকান্দিতে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম হেরোইনসহ তুষার মন্ডল (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। একই দিনে গাঁজাসহ নুর মোহাম্মদ শেখ (৩৭) নামে আরেক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার গোবিন্দপুর ও রায়পুর এলাকায় পৃথক এসব অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার তুষার মন্ডল গোবিন্দপুর গ্রামের জহেদ আলী মন্ডলের ছেলে। অপরদিকে দণ্ডপ্রাপ্ত নুর মোহাম্মদ শেখ রায়পুর গ্রামের সিরাজ শেখের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয় সূত্রে জানা যায়, পরিদর্শক মো. রাসেল আলীর নেতৃত্বে একটি আভিযানিক দল বালিয়াকান্দি থানাধীন গোবিন্দপুর এলাকায় অভিযান চালায়। এ সময় তুষার মন্ডলের দেহ তল্লাশি করে ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় পরিদর্শক মো. রাসেল আলী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২৬)-এর সংশ্লিষ্ট ধারায় বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন। এ-সংক্রান্ত মামলার নম্বর ০৪, তারিখ ৩ নভেম্বর ২০২৬। পরে গ্রেপ্তার তুষার মন্ডলকে আদালতে সোপর্দ করা হয়।
অন্যদিকে, একই দিন উপজেলার রায়পুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় গাঁজাসহ নুর মোহাম্মদ শেখকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে তাকে রাজবাড়ী জেলা কারাগারে পাঠানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদক নির্মূলে জেলায় তাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।