স্টাফ রিপোর্টার, রাজবাড়ীর কালুখালী উপজেলায় দিনব্যাপী সফর করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন। সোমবার (১৪ জুলাই ২০২৬) তিনি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সফরের শুরুতে জেলা প্রশাসক কালুখালী থানা পরিদর্শন করেন। এ সময় তিনি থানার নতুন ভবনের নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনা করেন এবং কাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
পরে তিনি রতনদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শ্রেণিকক্ষের পরিবেশ ও শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।
এরপর জেলা প্রশাসক উপজেলা ভূমি অফিস পরিদর্শন করে ভূমি সেবার সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সফরের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা প্রশাসনের উদ্যোগে রোগীদের জন্য উন্নতমানের ৮টি নতুন বেড প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। একইসঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত প্রজনন স্বাস্থ্যসেবা ও ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া জেলা প্রশাসক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের মাঝে সাইকেল ও সেলাই মেশিন বিতরণ করেন। এ সময় একটি অসহায় পরিবারের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের একটি বসতঘরের চাবি তুলে দেন।
সফরের শেষপর্যায়ে তিনি কালুখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেন এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে বিভিন্ন ক্রীড়া সামগ্রী প্রদান করেন।
দিনব্যাপী এ সফরে জেলা প্রশাসকের সঙ্গে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসকের এ সফর সরকারি সেবার মানোন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।