স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাতে রাজবাড়ী-ভাঙ্গা রেলপথের সদর উপজেলার বরাট ইউনিয়নের হাউলি জয়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে কোন ট্রেনের নিচে ওই যুবক কাটা পড়েছেন, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়দের দেওয়া খবরে বুধবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছে জিআরপি পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। তার পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, হাউলি জয়পুর এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। কোন ট্রেনের নিচে তিনি কাটা পড়েছেন, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্ত হওয়ার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।