স্টাফ রিপোর্টার,রাজবাড়ীর কালুখালী উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালিয়ার চরনারায়ণপুর এলাকায় যাত্রীবাহী বাস, ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৩ জুলাই) দুপুর আনুমানিক দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী একটি যাত্রীবাহী বাস সামনে থাকা একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি ট্রাককেও সজোরে ধাক্কা দিলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে উল্টে পড়ে। এদিকে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় ট্রাকচালক, পিকআপচালকসহ অন্তত তিনজন গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুরে উল্টে থাকা ট্রাক থেকে চালককে উদ্ধার করেন। পাশাপাশি বিশেষ উদ্ধার সরঞ্জাম ব্যবহার করে পিকআপের ক্ষতিগ্রস্ত অংশ কেটে ভেতরে আটকে থাকা চালককে বের করে আনা হয়।
আহতদের প্রথমে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন। তিনি উদ্ধার কার্যক্রম তদারকি করেন এবং আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এদিকে দুর্ঘটনার পর বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানা গেছে। হাইওয়ে পুলিশ বাসটি জব্দ করেছে এবং পলাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
দুর্ঘটনার কারণে কিছু সময় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও উদ্ধারকাজ শেষে যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।