স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় র্যাবের সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ২ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে অবৈধ কারেন্ট জাল সংরক্ষণ ও বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) রাত পৌনে ৮টার দিকে উপজেলার পশ্চিম বালিয়াকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১০-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন-এর নেতৃত্বে এবং র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে পশ্চিম বালিয়াকান্দি এলাকার বাসিন্দা মো. সুজন শেখ (৩৩)-এর বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা। পরে জব্দকৃত জাল ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫(২) ধারা অনুযায়ী মো. সুজন শেখকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশ দেওয়া হয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার জানান, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার, সংরক্ষণ ও ব্যবসার বিরুদ্ধে র্যাবের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও তিনি জানান।