স্টাফ রিপোর্টার, রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কৃষ্ণতলা এলাকায় মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি অটোরিকশা, একটি রান্নাঘর ও দুটি ছাগল পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
বুধবার (৮ জুলাই) দিবাগত রাতের শেষ প্রহরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ফরহাদ শেখ কৃষ্ণতলা এলাকার মৃত শামসু শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ বাড়ির রান্নাঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও এর আগেই একটি অটোরিকশা, একটি রান্নাঘর ও দুটি ছাগল আগুনে পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ফরহাদ শেখ বলেন, রাতে আমরা সবাই ঘুমিয়ে ছিলাম। ভোররাত প্রায় ৪টার দিকে কুকুরের ডাক শুনে বাইরে বের হয়ে দেখি রান্নাঘরের এক কোণায় আগুন জ্বলছে। তখন চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সহযোগিতা করেন। কিন্তু এর আগেই আমার একটি অটোরিকশা, রান্নাঘর ও দুটি ছাগল পুড়ে যায়। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা নিশ্চিত করে বলতে পারছি না।সব মিলিয়ে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, দ্রুত সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।