স্টাফ রিপোর্টার: মহান বিজয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে রাজবাড়ীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া।
এ ছাড়া জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় অংশ নেন।
সভায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গৃহীতব্য বিভিন্ন কর্মসূচি সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন, মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি আয়োজনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।
সভায় মহান মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার ইতিহাস ও বিজয়ের গৌরব নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।
পাশাপাশি মহান বিজয় দিবসের সব কর্মসূচি সুশৃঙ্খল, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।