বিদেশ থেকে দেশে ফিরতে ফ্লাইটের ৭২ ঘন্টার মধ্যে পিপিআর ল্যাবে পরীক্ষা করা করোনা ভাইরাসের নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক। দেশের সকল আন্তর্জাতিক বিমানবন্দর ও স্থলবন্দরে এই সার্টিফিকেট দেখিয়ে প্রবেশ করতে পারবেন যে কেউ। ৫ ডিসেম্বর থেকে এ বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
তবে প্রবাস ফেরত সকল কর্মীর জন্য এটি বাধ্যতামূলক নয়। অর্থাৎ প্রবাস থেকে বাংলাদেশী কোন কর্মী পিসিআর ল্যাব এ করোনাভাইরাস পরীক্ষা করে নেগেটিভ সার্টিফিকেট না আনলেও হবে। শুধুমাত্র কর্মীরা এন্টিজেন বা র্যাপিড টেস্ট করে নেগেটিভ সার্টিফিকেট আনলে দেশে প্রবেশ করতে পারবেন।
এ প্রসঙ্গে বুধবার (৯ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল-আহসান প্রবাস বার্তাকে জানান, “যারা বিদেশ থেকে আসবে সবার জন্য পিসিআর ল্যাবের করোনার নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক। তবে প্রবাসী কর্মীদের জন্য শিথিলতা আছে, তাঁরা অ্যান্টিজেন কিংবা র্যাপিড টেস্ট নিয়ে দেশে আসতে পারবে। সেক্ষেত্রে তাঁরা যেই দেশ থেকে আসবে সেখানে যদি পিসিআর ল্যাব কম থাকে। কর্মীদের জন্য এই ছাড় দেয়া হয়েছে।”
তিনি জানান নেগেটিভ সার্টিফিকেট থাকলে তাদেরকে সরাসরি বাসায় পাঠিয়ে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হচ্ছে। আর যাদের কাছে নেগেটিভ সার্টিফিকেট থাকবে না এবং করোনার উপসর্গ পাওয়া যাবে তাদেরকে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারান্টিনে রাখা হবে।
তথ্যসূত্র: প্রবাস তথ্য সেবা কেন্দ্র।