স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচন ২০২৬–২০২৮-এ সদস্য পদপ্রার্থী হিসেবে রাজবাড়ী রেড ক্রিসেন্ট ইউনিটের সহ-সভাপতি ও লাইফ মেম্বার এবিএম মঞ্জুরুল আলম দুলালকে কেন্দ্রীয় ব্যবস্থাপনা পর্ষদে দেখতে চান তাঁর শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা।
দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ড, মানবিক সেবা এবং ক্রীড়া সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে নিজেকে একজন দক্ষ সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এবিএম মঞ্জুরুল আলম দুলাল। রাজবাড়ীর সামাজিক, রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনে তাঁর রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও গুরুত্বপূর্ণ অবদান।
তিনি বর্তমানে রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব এবং রাজবাড়ী রেড ক্রিসেন্ট ইউনিটের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) গ্রাউন্ডস কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া তিনি রাজবাড়ী পৌর বিএনপির সাবেক সভাপতি, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং ডা. আবুল হোসেন কলেজের সাবেক অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, তাঁর দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা, সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং মানবিক সেবার প্রতি অঙ্গীকার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।
আগামী ২৫ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচনে সদস্য পদে এবিএম মঞ্জুরুল আলম দুলালের পক্ষে সম্মানিত ডেলিগেটদের মূল্যবান ভোট, আন্তরিক দোয়া ও সমর্থন কামনা করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষী ও সমর্থকরা।
তাঁদের প্রত্যাশা, তিনি কেন্দ্রীয় পর্ষদে নির্বাচিত হয়ে রাজবাড়ীসহ দেশের মানুষের মানবিক সেবায় আরও বৃহৎ পরিসরে কাজ করার সুযোগ পাবেন।