স্টাফ রিপোর্টার: কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও এই স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দে কৃষকদের ১০ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে গোয়ালন্দ উপজেলা কৃষক সমিতি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গোয়ালন্দ শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনছার ক্লাব চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে ১০ দফা দাবি সংবলিত স্মারকলিপি দেওয়া হয়।
পথসভায় বক্তারা কৃষকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি তুলে ধরেন। এর মধ্যে কৃষিপণ্য বিক্রির ক্ষেত্রে ধলতা প্রথা বাতিল, সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের সার সরবরাহ, মানসম্মত বীজ ও কীটনাশক স্বল্পমূল্যে সরবরাহ এবং সেচকাজে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহের দাবি উল্লেখযোগ্য।
বক্তারা বলেন, কৃষকের উৎপাদন খরচ দিন দিন বাড়লেও উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাওয়া যাচ্ছে না। পাশাপাশি সার, বীজ, কীটনাশক ও সেচের ক্ষেত্রে নানা সমস্যার কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কৃষকের স্বার্থে এসব সমস্যা দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কমরেড অধ্যক্ষ আব্দুল কাদের শেখ,গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সানোয়ার আহমেদ কমরেড মজিবর রহমান, কমরেড হাবিবুর রহমান, কমরেড শাহজাহান শেখ, কমরেড রতন কুমারসহ কৃষক সমিতির নেতাকর্মীরা।