স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে অবৈধভাবে মাছ শিকারের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও দৌলতদিয়া নৌ পুলিশ। এ সময় কারেন্ট জালসহ এক মাছ শিকারিকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদা ও দৌলতদিয়া নৌ পুলিশের যৌথ উদ্যোগে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্ট ও নদীতীরবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় পদ্মা নদী থেকে কারেন্ট জালসহ বাবু প্রামানিক (৫৪) নামে এক মাছ শিকারিকে আটক করা হয়। তিনি দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মন্ডলপাড়া এলাকার মৃত অহেদ আলী প্রামানিকের ছেলে।
এ ছাড়া পদ্মা নদী ও নদীর তীরবর্তী বিভিন্ন স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। উদ্ধার করা জালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
পরে মোবাইল কোর্টের মাধ্যমে বাবু প্রামানিককে ১ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে ৩ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির সামনে জব্দ করা ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা জানান, পদ্মা নদীতে মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জালের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও দৌলতদিয়া নৌ পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।