স্টাফ রিপোর্টার: রাজবাড়ী সদর থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সজীব হোসেন (৪২)-কে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত সজীব হোসেন রাজবাড়ী সদর উপজেলার লক্ষীকোল ধুঞ্চি গ্রামের নাজিবুর রহমানের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে রাজবাড়ী সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি চৌকস দল। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সজীব হোসেনকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের আরও জানায়, তার বিরুদ্ধে ফরিদপুর জেলার মধুখালী থানায় ২৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখের একটি মাদক মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় আরও একটি মাদক মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজীব হোসেন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব। গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।