স্টাফ রিপোর্টার: রাজবাড়ীতে পৃথক স্থান থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন ও সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়ন থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেলেও অপরজনের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আইনদ্দীন প্রামাণিক পাড়ার একটি আখক্ষেত থেকে নবীরন বেগম (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি দুলাল বেপারী পাড়ার আব্দুর রহিম শেখের স্ত্রী।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে প্রথমে বলা হয়েছিল, নবীরন বেগম স্ট্রোক করে মারা গেছেন। পরে বিভিন্ন মাধ্যমে জানা যায়, তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যেতে পারেন। বিষয়টি নিয়ে সন্দেহ সৃষ্টি হওয়ায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
অন্যদিকে, একই দিন সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের বড়নুরপুর গ্রামের একটি পুকুরপাড় থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (আনুমানিক ২৫ বছর) মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পুকুরপাড়ে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে অন্য কোনো স্থানে হত্যা করে মরদেহটি এখানে ফেলে রাখা হতে পারে। তবে এটি প্রাথমিক ধারণা; ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, নিহত নারীর পরিচয় শনাক্তের পাশাপাশি ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।
পুলিশ জানিয়েছে, পৃথক দুটি ঘটনায় মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।