স্টাফ রিপোর্টার: রাজবাড়ীতে পুলিশের উপস্থিতিতে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে মারধরের অভিযোগের ঘটনায় তদন্ত শুরু করেছে ঢাকা রেঞ্জ পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার ভিডিওটি নজরে আসার পর বিষয়টি খতিয়ে দেখতে ঢাকা রেঞ্জের ডিআইজি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে তদন্ত কমিটির প্রধান ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড ম্যানেজমেন্ট) সাইফুজ্জামান ফারুকীর নেতৃত্বে কমিটির সদস্যরা রাজবাড়ী শহরের কাপড় বাজারে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলেন ঢাকা রেঞ্জের পুলিশ সুপার (অপারেশন) শাকিলা সুলতানা এবং রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হক। এ সময় রাজবাড়ীর পুলিশ সুপার মো. মনজুর মোর্শেদও তদন্ত দলের সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থলের বিভিন্ন স্থান ঘুরে দেখেন। ঘটনার সময় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে তাদের বক্তব্য গ্রহণ করেন। একই সঙ্গে কাপড় বাজারের ব্যবসায়ী, প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকেও ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করেন তারা।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত ডিআইজি সাইফুজ্জামান ফারুকী। তিনি বলেন, কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নারী উদ্যোক্তাকে মারধরের একটি ভিডিও ছড়িয়ে পড়ে।
বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ঘটনার প্রকৃত কারণ এবং কী পরিস্থিতিতে এমন ঘটনা ঘটেছে, তা উদঘাটনে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় ইতোমধ্যে একটি মামলা হয়েছে এবং মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বক্তব্য নেওয়া হয়েছে। বাজারের ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট কেউ ঘটনার বিষয়ে বক্তব্য দিতে চাইলে তাদের বক্তব্যও নেওয়া হবে।
তদন্ত কমিটির প্রধান জানান, তদন্তের স্বচ্ছতা নিশ্চিত করতে বিভিন্ন পর্যায়ের মানুষের সঙ্গে কথা বলা হবে। প্রয়োজন হলে গোপনেও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হবে। সবার বক্তব্য ও প্রাপ্ত তথ্য-উপাত্ত পর্যালোচনা করে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।
পুলিশের দায়িত্বে অবহেলা ছিল কি না, খতিয়ে দেখা হবে
অতিরিক্ত ডিআইজি সাইফুজ্জামান ফারুকী বলেন, ঘটনার সময় পুলিশের দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা ছিল কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে।
তিনি বলেন, নারী উদ্যোক্তাকে পুলিশ ঘটনাস্থল থেকে নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করছিল। এরপরও কীভাবে তার ওপর হামলার ঘটনা ঘটল, সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ঘটনার স্থান থেকে মার্কেটের দূরত্ব, প্রধান সড়কের অবস্থানসহ ওই সময়কার সার্বিক পরিস্থিতিও বিশ্লেষণ করা হবে।
তদন্ত কমিটি সংশ্লিষ্ট সবার বক্তব্য ও ঘটনাস্থলের বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করে প্রকৃত ঘটনা তুলে ধরবে বলে জানান তিনি।
উল্লেখ্য, সম্প্রতি রাজবাড়ী শহরের কাপড় বাজারে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে প্রকাশ্যে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে বিষয়টি তদন্তে ঢাকা রেঞ্জের ডিআইজির নির্দেশে তিন সদস্যের কমিটি গঠন করা হয়।