স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দে সার বিতরণে অনিয়ম প্রতিরোধে অভিযান চালিয়ে নিজ অভিক্ষেত্রের বাইরে অবৈধভাবে সার বিক্রির দায়ে মেসার্স ফারুক ডিলার নামের এক প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) উপজেলার পদ্মার মোড় সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তার উপস্থিতিতে অভিযানে নেতৃত্ব দেন উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান।
অভিযানকালে নিজ অভিক্ষেত্রের বাইরে অবৈধভাবে সার বিক্রির প্রমাণ পাওয়ায় মেসার্স ফারুক ডিলারকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে জরিমানার অর্থ অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান বলেন, সার বিতরণে অনিয়ম, অবৈধ মজুত এবং নির্ধারিত এলাকার বাইরে সার বিক্রিসহ কৃষকদের স্বার্থবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, জনস্বার্থে সংশ্লিষ্ট সকলকে সরকারি বিধিবিধান মেনে সার বিক্রি ও বিতরণ করার জন্য আহ্বান জানানো হয়েছে।