স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: রাজবাড়ীর কালুখালী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন এস এম রেজাউল করিম। সোমবার (১৭ আগস্ট) তিনি কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে এস এম রেজাউল করিম হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা জেলার ধামরাই উপজেলার দেপাশাই গ্রামের সন্তান। ৩৭তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদান করা এই কর্মকর্তা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে সরকারি সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
কালুখালী উপজেলায় যোগদানের পর নবাগত ইউএনও এস এম রেজাউল করিম বলেন, উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম গতিশীল করা, সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া, উন্নয়ন কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চান।
তার যোগদানে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে নবাগত ইউএনওর দক্ষ নেতৃত্বে কালুখালীর উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা এবং জনসেবার মান আরও বৃদ্ধি পাবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয়রা।