স্টাফ রিপোর্টার, রাজবাড়ী সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৯টি মামলার আসামি হিসেবে পরিচিত এক দুর্ধর্ষ চোরকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষের দিকনির্দেশনা ও এসআই (নিঃ) মো. সাব্বির হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এ অভিযানটি পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার কল্যাণপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তি হলেন মশিউর রহমান মিঠুন ওরফে মিথুন মোল্লা (২৮)। তিনি রাজবাড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সজ্জনকান্দা (আম বাবু মসজিদ সংলগ্ন) এলাকার বাসিন্দা এবং রহমত মোল্লার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মশিউর রহমান মিঠুনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরিসহ মোট ১৯টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে রাজবাড়ী জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।