স্টাফ রিপোর্টার, রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে মাছের ঘেরে বিদ্যুতের লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মোশারফ খান (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত মো. মোশারফ খান দুর্গাপুর গ্রামের দবির খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৫ জুলাই) রাতের খাবার শেষে মোশারফ খান তার মাছের ঘেরে যান। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল আনুমানিক ৯টার দিকে এক পথচারী ঘেরের পাশ দিয়ে যাওয়ার সময় পানির মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন।
খবর পেয়ে স্থানীয়রা কালুখালী ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে অবহিত করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পানির মধ্যে থেকে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাছের ঘেরে ব্যবহৃত বৈদ্যুতিক বাল্বের সংযোগ মেরামতের সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কালুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।