স্টাফ রিপোর্টার :রাজবাড়ীর পদ্মা নদী থেকে লিটন খা (৫০) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১২ এপ্রিল) সকালে সদর উপজেলার উড়াকান্দা এলাকার পদ্মা নদী থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত লিটন খা সদর উপজেলার বরাট ইউনিয়নের রাধাকান্তপুর এলাকার আক্কাছ আলী খার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ১০টার দিকে রাতের খাবার খেয়ে রিকশা নিয়ে বাড়ি থেকে বের হন লিটন খা। এ সময় তিনি পরিবারের সদস্যদের জানান, ভাড়া নিয়ে দূরে যাচ্ছেন এবং ফিরতে দেরি হতে পারে।
রবিবার ভোরে পদ্মা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।